আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। হরমুজ প্রণালির কাছে একটি ইরানি জাহাজ জব্দকে কেন্দ্র করে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকাল থেকেই তেলের বাজারে অস্থিরতা বাড়তে শুরু করে।
বাজার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী অবরোধ ভঙ্গের অভিযোগে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ দশমিক ২১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ১৪ ডলারে।
উল্লেখ্য, গত শুক্রবার ইরান হরমুজ প্রণালি পুনরায় চালু করার ইঙ্গিত দিলে এবং যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করায় বাজারে স্বস্তি ফিরেছিল। তখন তেলের দাম ৯ শতাংশের বেশি কমে যায়। তবে নতুন ঘটনার পর পরিস্থিতি দ্রুত বদলে গেছে।