Ridge Bangla

এক মাসে আবারও এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

ভোক্তা পর্যায়ে পুনরায় বৃদ্ধি পেয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। নতুন নির্ধারণ অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে, যা রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এর আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

চলতি মাসেই দ্বিতীয়বারের মতো এলপিজির দাম বাড়ানো হলো। মাসের শুরুতে ৩৮৭ টাকা বৃদ্ধি করে সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর অল্প সময়ের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে অস্থিরতার কারণে এলপিজি পরিবহন ব্যাহত হচ্ছে। বিকল্প উৎস থেকে আমদানিতে সময় ও ব্যয় বেড়েছে। পাশাপাশি জাহাজ ভাড়া, বিমা ও নিরাপত্তা খরচ বৃদ্ধির ফলে সামগ্রিক আমদানি ব্যয়ও বেড়েছে।

এই পরিস্থিতিতে দেশের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ট্রেডার প্রিমিয়াম ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন