শিশুদের সুরক্ষা ও কল্যাণ জোরদারে সহযোগিতা বাড়াতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) তিনি ৩ দিনের সফরে ঢাকায় আসবেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে তিনি শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশনসহ শিশু অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন। এসব খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও মতবিনিময় হবে।
সফরসূচিতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে শিশুদের কল্যাণে টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয় গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।
বর্তমানে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’-এর জন্য মার্কিন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন হার্ডার। তাঁর দপ্তর বিশ্বব্যাপী শিশুদের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা জোরদার এবং শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে কাজ করছে।
পেশায় আইনজীবী হার্ডার যুক্তরাষ্ট্রে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে আইন পেশায় যুক্ত আছেন। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে তাঁর দক্ষতা রয়েছে এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে কাজ করে স্বীকৃতি অর্জন করেছেন।