বগুড়ার ১৩ তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রাথমিক সভায় এই নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি এরই মধ্যে অনুমোদন পেয়েছে।
গত সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি সকল প্রক্রিয়া প্রায় শেষের দিকে। গত ১২ এপ্রিল সচিব কমিটির প্রাক-নিকার সভায় বগুড়া সিটি কর্পোরেশন গঠন ও মোকামতলা উপজেলাসহ মোট আটটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। এখন কেবল আনুষ্ঠানিক গেজেট প্রকাশ ও উদ্বোধনের অপেক্ষায় আছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোট পাঁচটি ইউনিয়ন নিয়ে এই নতুন উপজেলা গঠিত হতে যাচ্ছে। ইউনিয়নগুলো হলো মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা, ও শিবগঞ্জ সদর।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের দেওয়া তথ্যমতে, নতুন এই উপজেলার সম্ভাব্য আয়তন হবে ১২৮.৭৪ বর্গ কিলোমিটার। এছাড়া জনসংখ্যা হবে প্রায় দেড় লাখ।