মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দাবি করেছেন, ইসরায়েল সম্ভবত তুরস্ককে তাদের পরবর্তী প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা করছে। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে হাকান ফিদান ইসরায়েলের কৌশলগত অবস্থানের কড়া সমালোচনা করে বলেন, তেল আবিব বর্তমানে ইরানকে শত্রু হিসেবে বিবেচনা করলেও ভবিষ্যতে তুরস্ককেও একই তালিকায় স্থান দিতে পারে। তার মতে, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের সবসময় একজন শত্রু প্রয়োজন হয় এবং সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে।
সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও কূটনৈতিক তৎপরতা নিয়ে কথা বলতে গিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটন এবং তেহরান একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে বেশ আন্তরিক। তবে তিনি উল্লেখ করেন যে, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।