Ridge Bangla

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের স্বাস্থ্য খাতকে মানবিক, মানসম্পন্ন ও নিরাপদ করার লক্ষ্যে সরকার কার্যক্রম শুরু করেছে। তিনি সোমবার (৬ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া বাণীতে বলেন, শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতি ‘সবার জন্য স্বাস্থ্য’কে কেন্দ্র করে, যেখানে স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার হিসেবে সবাই পাবে। ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশ নারী হবেন।

এ ছাড়া ই-হেলথ কার্ড, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, স্বাস্থ্যবিমা, চিকিৎসাশিক্ষার উন্নয়ন এবং চিকিৎসা ব্যয় সহনীয় করতে প্রয়োজনীয় সংস্কার চালানো হবে।

তিনি যোগ করেন, প্রযুক্তি ব্যবহার স্বাস্থ্যসেবা কার্যকর করার অন্যতম উপায়। ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন সম্ভাবনা খুলছে।

প্রধানমন্ত্রী সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠনের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন। তিনি সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬-এর শুভেচ্ছা জানান এবং আয়োজিত কর্মসূচির সফলতা কামনা করেন।

This post was viewed: 13

আরো পড়ুন