মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাবে দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখতে চট্টগ্রাম বন্দরে আরও চারটি জাহাজ এসে ভিড়েছে। এগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল বহন করছে। জাহাজগুলো ইতোমধ্যে বন্দরে নোঙর করেছে এবং পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে আসা জাহাজগুলো বন্দরে পৌঁছেছে। এর মধ্যে ভারত থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ ৩১ মার্চ ভাটিয়ারি এলাকায় নোঙর করেছে। মালয়েশিয়া থেকে ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজ ৩ এপ্রিল ডিওজে-৬ জেটিতে অবস্থান করছে, যার খালাস ৭ এপ্রিল শেষ হওয়ার কথা।
নাইজেরিয়া থেকে আসা এলএনজি বহনকারী ‘কুল ভয়েজার’ ৫ এপ্রিল এফএসআরইউ-তে নোঙর করেছে এবং খালাস ৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ জাহাজ চার্লি এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে খালাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।