Ridge Bangla

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। তিনি এ মন্তব্য করেছেন রোববার (৫ এপ্রিল) বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ৩৩টি রাজনৈতিক দল মিলিতভাবে জুলাই সনদ প্রণয়ন করে। এ সনদকে আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়। নির্বাচিতরা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি শপথ নেয়নি এবং সংবিধান সংস্কার আদেশের বিরোধিতা করছে।

গণভোটে প্রায় ৫ কোটি ভোটার ‘হ্যাঁ’ দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি। এজন্য বিএনপি সংবিধান সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ বাতিল করে মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে।

অধ্যাপক গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সরকারি দলের প্রার্থীরা উপনির্বাচনে জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন