Ridge Bangla

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ ডলার: সংসদে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এ আয় নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ তথ্য উপস্থাপন করা হয়।

সরকার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নতুন অর্থনৈতিক খাতের বিকাশসহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মাথাপিছু আয় বাড়াতে সরকার একাধিক খাতে সমন্বিতভাবে কাজ করছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, প্রবাসী আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ।

This post was viewed: 16

আরো পড়ুন