Ridge Bangla

বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যার উদ্বোধন হবে চাঁদপুরে।

এ উপলক্ষে বঙ্গোপসাগর ও আশপাশের সমুদ্র এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলেদের প্রয়োজন অনুযায়ী খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে এ সহায়তা বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সরকার জেলেদেরকে জাটকা ধরা, বিক্রি ও মজুত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এ সময় সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে বলে জানানো হয়।

This post was viewed: 13

আরো পড়ুন