Ridge Bangla

ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ট্রাম্প, হুঁশিয়ারি, ‘জাহান্নাম নেমে আসবে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী উন্মুক্ত করতে বলেছেন। অন্যথায় ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ‘জাহান্নাম নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে। এখন সময় ফুরিয়ে আসছে। মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর জাহান্নাম নেমে আসবে।”

জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে গেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, নৌপথটি তাদের ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ’ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি শত্রুদের জন্য বন্ধ থাকবে।

বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের ওপর প্রভাব পড়ায় উপসাগরীয় দেশগুলোর রপ্তানি হুমকির মুখে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের চাপ আরও বেড়েছে।

এর আগে ২১ মার্চ ট্রাম্প প্রথমবারের মতো এ ধরনের হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালী না খোলে, তবে দেশটির বড় বড় বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করা হবে।

This post was viewed: 8

আরো পড়ুন