Skip to main content

Ridge Bangla

২০২৫-২৬ সেশন থেকেই বাতিল হচ্ছে ঢাবি’র অধীনে সাত কলেজের ভর্তি কার্যক্রম

রাজধানীর সাতটি সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তের প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ জানান, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের অধীনে আর কোনো ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে না। তবে, পরীক্ষাসংক্রান্ত বিষয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।

তিনি আরও জানান, এর আগে বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে শিক্ষার মানোন্নয়ন এবং একটি সমন্বিত ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের ফলে সাতটি কলেজ তাদের পূর্ববর্তী স্বকীয়তায় ফিরে যাবে, নাকি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে পরিবর্তন আসা নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

This post was viewed: 75

আরো পড়ুন