Skip to main content

Ridge Bangla

কোহলিকে ছুঁয়ে বাবরকে হুমকি পাকিস্তানি ওপেনারের

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

যে ফর্ম এবার তিনি নিয়ে এসেছেন পাকিস্তান সুপার লিগেও। সেঞ্চুরি হাঁকিয়ে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি ও রাইলি রুশোর রেকর্ডে।

পাকিস্তান সুপার লিগে গতকাল রাতে প্রতিপক্ষ হায়দারাবাদ কিংসমেন তোলে ২২৫ রান। জবাবে মুলতান সুলতানসের হয়ে মাঠে নেমে ৫৫ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সাহিবজাদা ফারহান। অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার ৯ নম্বর সেঞ্চুরি, যা খেলাটির এই সংস্করণের ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি ক্রিস গেইলের।

দ্বিতীয় সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি রয়েছে ফারহানের স্বদেশী বাবর আজমের। এ তালিকায় ৯টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে ছিলেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। এই ক্লাবের নবাগত সদস্য হলেন ফারহান।

তবে সেঞ্চুরিতে ইনিংসের দিক থেকে কোহলি ও রুশোকে ছাড়িয়ে গেছেন ফারহান। মাত্র ১৬৬ ম্যাচেই ৯টি সেঞ্চুরি করেছেন ফারহান। যেখানে একই সংখ্যক সেঞ্চুরি করতে কোহলির লেগেছে ৪১৫ এবং রুশোর লেগেছে ৩৯৩ ম্যাচ।

ফারহান যেভাবে দুর্দান্ত ফর্মে এগিয়ে যাচ্ছেন, তাতে ১১টি সেঞ্চুরি নিয়ে তার ওপরে থাকা স্বদেশী বাবর আজমকে খুব শিগগিরই পেছনে ফেলবেন বলে ধরে নেওয়া যায়।

This post was viewed: 30

আরো পড়ুন