এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে হজম করা একমাত্র গোলই গড়ে দেয় ব্যবধান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। প্রবাসী সমর্থকদের সমর্থনে উজ্জীবিত হয়ে হামজা, শোমিতরা প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি দল। ৩১তম মিনিটে সিঙ্গাপুরের হ্যারিস স্টুয়ার্টের নিখুঁত শটে পিছিয়ে পড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
বিরতির পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি হলেও লক্ষ্যভ্রষ্ট শট, পোস্টে লাগা বল এবং প্রতিপক্ষের দৃঢ় রক্ষণে হতাশ হতে হয় দলকে। ৭৯তম মিনিটে মিরাজুল ইসলামের শট পোস্টে লেগে ফিরে আসা ছিল সমতার সবচেয়ে কাছাকাছি মুহূর্ত।
এই হারের ফলে দুই লেগেই সিঙ্গাপুরের কাছে পরাজিত হলো বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন হারে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানেই বাছাইপর্ব শেষ করল দল।