ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নর্দার্ন মলুক্কা সাগরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) টারনেট উপকূলের কাছে সংঘটিত এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। স্থানীয়ভাবে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পন এক মিনিটেরও বেশি সময় ধরে অনুভূত হয়। ফলে আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার এবং কেন্দ্রস্থল টারনেট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৭.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ইন্দোনেশিয়ার কিছু উপকূলে ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। এ ছাড়া ফিলিপাইন, মালয়েশিয়াসহ আশপাশের দেশগুলোতেও নিম্নমাত্রার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।