মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সংকটকালীন সময়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত এসব অভিযানে ১ হাজার ৫৩টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তিনি জানান, উক্ত সময়ে সারাদেশে ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালিত হয়।
উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া অকটেন ও পেট্রোলও উল্লেখযোগ্য পরিমাণে জব্দ করা হয়েছে। অভিযানে জড়িতদের কাছ থেকে মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সরকার জানিয়েছে, জ্বালানির বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং কৃত্রিম সংকট ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতের তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কারের ঘোষণাও রয়েছে।