মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস অনন্য। এর সঙ্গে অন্য কোনো সময়কাল বা ঘটনার তুলনা করা যায় না।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গৌরবের উৎস। স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রের মর্যাদা রক্ষা করা সবার প্রথম দায়িত্ব।
তিনি বলেন, ইতিহাস বিকৃত বা খাটো করার কোনো সুযোগ নেই। বরং একাত্তরের চেতনা সমুন্নত রাখতেই হবে।
সংবিধানের প্রস্তাবনায় একাত্তরের সঙ্গে অন্যান্য সময়কাল যুক্ত করার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, একাত্তরের গুরুত্ব কোনোভাবেই অন্য কিছুর সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়।
তাঁর ভাষায়, “সবার আগে একাত্তর, এরপর অন্যান্য সময়ের আলোচনা।”
তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন গুরুত্বপূর্ণ হলেও তা রাষ্ট্র প্রতিষ্ঠার সমতুল্য নয়। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
গণতন্ত্রের চর্চা জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সমঝোতা প্রয়োজন।
সংসদীয় ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।