Skip to main content

Ridge Bangla

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, কালোবাজারির বিরুদ্ধে সতর্কতা জ্বালানিমন্ত্রীর

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে যুদ্ধাবস্থার কারণে মানুষ হঠাৎ করে বেশি জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছে। এতে স্বাভাবিক চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি বিক্রি হচ্ছে। আগে একটি পেট্রোল পাম্পে দিনে যে পরিমাণ তেল বিক্রি হতো, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে অতিরিক্ত চাহিদা ও কিছু কালোবাজারির কারণে সাময়িক সমস্যা তৈরি হচ্ছে।”

এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি ছুটির দিনেও অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

This post was viewed: 25

আরো পড়ুন