Ridge Bangla

পল্লবীতে কিবরিয়া হত্যা মামলায় দুই শুটার গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় জড়িত দুই ‘শুটার’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশ নেওয়া শুটারদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব-৪ সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে প্রবেশ করে মুখোশধারী তিন সন্ত্রাসী খুব কাছ থেকে তাঁকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। এ সময় দ্রুতগতিতে গাড়ি না চালানোয় অটোরিকশাচালককে কোমরে গুলি করে আহত করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে অভিযুক্ত করা হয়।

This post was viewed: 17

আরো পড়ুন