Ridge Bangla

১০ জনের ফ্রান্সের কাছেও হারলো ব্রাজিল

ম্যাচের অর্ধেকের বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে দিদিয়ের দেশমের দল ফ্রান্স। তাও আবার কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিপক্ষে। এমনই এক হাইভোল্টেজ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে।

এই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে শক্তিশালী ব্রাজিল। ১০ জনের দল নিয়েও জয় তুলে নিতে ভুল করেনি দিদিয়ের দেশমের ফ্রান্স।

নেইমারবিহীন ব্রাজিলের বিশ্বকাপের প্রস্তুতি খুব একটা ভালো যাচ্ছে না। ফ্রান্সের কাছে এই হারের ফলে শেষ চার ম্যাচে দলের জয়ের সংখ্যা ১-এই থেমে থাকল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। প্রথম ৩০ মিনিটে মুহুর্মুহু আক্রমণের মাধ্যমে মাঠ কাঁপান রাফিনিয়া ও মার্তিনেলি। তাদের আক্রমণগুলো ফরাসি রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আনচেলত্তির দল।

অপরদিকে ব্রাজিলের এই ব্যর্থতার সুযোগ নিতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে।

ম্যাচের ৩২ মিনিটে নিজের ট্রেডমার্ক গতির ঝড়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের পরাস্ত করে নিখুঁত এক গোল করেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তার নিখুঁত ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো লাল কার্ড দেখেন। তবে ১০ জনের ফ্রান্স মাথা নত করেনি। উল্টো ৬৫ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ব্যবধান ২-০ করেন তরুণ স্ট্রাইকার হুগো একিতিকে।

দুই গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণ চালায় ব্রাজিল। এর ফলশ্রুতিতে ৭৮তম মিনিটে লুইজ হেনরিকের সহায়তায় জুভেন্টাস ডিফেন্ডার গ্লেইসন ব্রেমার একটি গোল শোধ করেন।

ফ্রান্স শেষ পর্যন্ত লিড ধরে রাখে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ব্রাজিল অবশ্য এই ম্যাচে অনেক মূল খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছিল। নেইমার, আলিসন, গ্যাব্রিয়েল মাগালহায়েস, এদার মিলিতাও, ব্রুনো গিমারেস, রদ্রিগো ও এস্তেভাও এই ম্যাচে ছিলেন না।

This post was viewed: 8

আরো পড়ুন