নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল।
এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নেপালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। কারণ, এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন।
অনুষ্ঠানটি ছিল আড়ম্বরপূর্ণ, যা রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রাজধানী কাঠমান্ডুসহ সারা দেশেই এ নিয়ে আলোচনা চলছে।
পেশায় র্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। সে সময় তিনি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন।
বিশ্লেষকদের মতে, তাঁর নেতৃত্বে নেপালের রাজনীতিতে নতুন ধারা ও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।