Ridge Bangla

জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে সংঘটিত পুলিশ সদস্য হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার আইন অনুযায়ী নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো অপরাধই আইনের বাইরে থাকবে না।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা বর্তমানে পুলিশের প্রধান অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, দেশের অর্থ বিদেশে পাচার হওয়ার বিষয়টিও উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অপরিহার্য। সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী সহযোগিতা করলেও মূল দায়িত্ব পুলিশের ওপরই বর্তায় বলে জানান তিনি।

This post was viewed: 5

আরো পড়ুন