Skip to main content

Ridge Bangla

পেহেলগাম হামলা, ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান এবং আহত হন অন্তত ১০ জন। এই হামলায় পাকিস্তানের পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ করেছে ভারত।

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে তার প্রভাব সাধারণত খেলাধুলাতেও পড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

এবারের পিএসএলের সম্প্রচার স্বত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড এবং সনি স্পোর্টস নেটওয়ার্ক। তবে গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ সম্প্রচার করা হয়নি।

ফ্যানকোড তাদের প্ল্যাটফর্ম থেকে পিএসএলের পুরোনো ভিডিওও সরিয়ে ফেলেছে। এমনকি টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও পিএসএল-২০২৫ সংক্রান্ত যাবতীয় তথ্য—সূচি, স্কোরকার্ড, ধারাভাষ্য ইত্যাদি মুছে দিয়েছে।

এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ তারা আর সম্প্রচার করবে না। তারা পেহেলগামের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে নিজেদের বিব্রত বোধ করার কথা জানিয়েছে।

তবে পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড যথারীতি আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ রাজনৈতিক বৈরিতাকে খেলাধুলার সঙ্গে না মেশানোর পরামর্শ দিয়েছেন।

ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

This post was viewed: 63

আরো পড়ুন