শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তেল ও সংরক্ষণ ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকে ডিজেল মজুত করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিবেশগত অনুমোদন ছাড়াই দাহ্য পদার্থ মজুত রাখার বিষয়টি নিশ্চিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আবাসিক এলাকায় এ ধরনের দাহ্য পদার্থ সংরক্ষণ ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে এক দিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।