প্রশাসনে বড় ধরনের রদবদল এনে ১২টি মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
নতুন নিয়োগ অনুযায়ী, অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর সচিব করা হয়েছে। জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর সচিব এবং মোহা. রায়হান কাওসারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-এর সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব, মো. মোখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সচিব করা হয়েছে। ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), মো. দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ড. মো. নেয়ামত উল্লাহ ভূইয়াকে পরিকল্পনা কমিশন-এর সদস্য (সিনিয়র সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশন-এর সদস্য, কাজী আনোয়ার হোসেনকে আইসিটি বিভাগ-এর সচিব এবং এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-এর সচিব করা হয়েছে।