বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন।
নিহত আমির হামজা (২৩) ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজ-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলেও জানা গেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
নিহতের বাবা রুহুল আমিন মুন্সি জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে ছেলের সঙ্গে কথা বলার সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ছয় যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে তারা হামজাকে ধাওয়া করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে খালের পাড়ে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।