Ridge Bangla

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ব্রিটেনের রাজার শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বার্তায় রাজা তৃতীয় চার্লস বলেন, কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি এই অংশীদারিত্বকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

রাজা বলেন, প্রবাসী বাংলাদেশিরা ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

বিশ্বব্যাপী অনিশ্চয়তার প্রেক্ষাপটে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, কমনওয়েলথ কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন ব্রিটিশ রাজা। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এ ক্ষেত্রে দুই দেশের যৌথ প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।

This post was viewed: 12

আরো পড়ুন