Ridge Bangla

২০টি বিষয় ছাড়া অধিকাংশ অধ্যাদেশে একমত বিশেষ কমিটি: জয়নুল আবেদীন

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া বাকি প্রায় সবগুলোতেই একমতে পৌঁছেছে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। বুধবার (২৫ মার্চ) কমিটির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “মোট ২০টি বিষয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে আমরা মনে করেছি। এই বিষয়গুলো ছাড়া অন্যান্য অধ্যাদেশে আমরা ঐকমত্যে পৌঁছেছি।” তিনি আরও জানান, বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে আগামী ২৯ মার্চ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।

জয়নুল আবেদীন বলেন, দুদকের নিয়োগ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ, গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কোনো অধ্যাদেশ বাতিলের প্রস্তাব দেয়নি। এসব বিষয়ে মতবিরোধ দেখা দিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

বুধবার অনুষ্ঠিত বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে প্রায় অর্ধেক অধ্যাদেশ পর্যালোচনা সম্পন্ন করা হয়েছিল।

কমিটি সূত্রে জানা গেছে, প্রতিটি অধ্যাদেশের কার্যকারিতা, প্রাসঙ্গিকতা এবং আইনি দিক বিবেচনা করে সুপারিশ প্রণয়ন করা হচ্ছে। যেসব বিষয়ে মতৈক্য হয়নি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা হতে পারে।

সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

This post was viewed: 6

আরো পড়ুন