Ridge Bangla

পুলিশের সংস্কার ও পাচার অর্থ ফেরতের সহযোগিতা আশ্বাস সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বৈঠক করেন। এতে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন, পুলিশ সংস্কার, আর্থিক খাতের সংস্কার ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সংসদীয় গণতন্ত্রের সুষ্ঠু চর্চা। তিনি অতীতের ফ্যাসিস্ট শাসনের সময় রাজনৈতিক দল ও জনগণের ওপর পুলিশের অতিমাত্রায় বল প্রয়োগের দুঃখজনক স্মৃতি তুলে ধরেন।

রাষ্ট্রদূত রেটো রেংগলি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সুইজারল্যান্ডের কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন। তিনি সরকারের সংস্কার এজেন্ডার চ্যালেঞ্জ, সংসদ কার্যকারিতা ও রাজনৈতিক বিতর্কে শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

ডিজিটাল প্রতারণা ও স্ক্যামের বিষয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতারণার ৪০ শতাংশ ডিজিটাল। আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। রাষ্ট্রদূতও ডিজিটাল অপরাধকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং আন্তঃদেশীয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।

সন্ত্রাসবাদ বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশে চরমপন্থা অল্পমাত্রায় রয়েছে, তবে তা কখনো সন্ত্রাসে রূপ নেয়নি। এ কার্যক্রমে পুলিশের এটিইউ ও সিটিটিসি ইউনিট দক্ষতার সঙ্গে কাজ করছে।

আর্থিক খাতের সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে সুইজারল্যান্ড গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করতে পারে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 6

আরো পড়ুন