Ridge Bangla

স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন: রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বাধীনতা জাতি হিসেবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)সহ সকল মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন, জাতীয় নেতা ও সর্বস্তরের জনগণের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ দেশের জনগণকে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ গঠন এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা।

এসব লক্ষ্য পূরণে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, জ্বালানি চ্যালেঞ্জ এবং অতীতের অপশাসনের প্রভাব মোকাবিলা করে সরকার একটি স্বনির্ভর ও গতিশীল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন