Ridge Bangla

১৮ বছর পর স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত

আজ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ১৮ বছর পর বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকালেই ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, যা স্বাধীনতা দিবসকে আরও স্মরণীয় করে তুলেছে।

২০০৮ সালের পর প্রথমবার ২৬ মার্চের সরকারি অনুষ্ঠানে কুচকাওয়াজ সংযোজন করা হলো। এর আগে এই আয়োজন মূলত বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সীমিত থাকত। ছাত্র-জনতার গণআন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালেও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ আয়োজন হয়নি।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে কুচকাওয়াজের ব্যবস্থাপনা করছে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। রমজানের শুরু থেকেই প্রস্তুতি চলেছিল এবং গত মঙ্গলবার চূড়ান্ত মহড়া সম্পন্ন হয়।

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ এবং ফ্লাই পাস্ট দেখতে সকাল থেকেই হাজারো দর্শনার্থী উপস্থিত হন। তাদের জন্য প্লাস্টিকের চেয়ার ব্যবস্থা করা হয়, অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা যায়।

This post was viewed: 9

আরো পড়ুন