ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে।
এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নামেও সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি ছিল।