শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ সংরক্ষণ, ব্যবহার নিশ্চিতকরণ ও দৈনন্দিন খেলাধুলা কার্যক্রম বাস্তবায়নে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনে সবার খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির ১ম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ এবং আশেপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও ছুটির দিনে উন্মুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনে সবার খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।