Ridge Bangla

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন বাংলাদেশের ৬ ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ (২৩ মার্চ) সোমবার সকালের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর।

গতবারের মতো এবারের আসরেও বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএলে খেলছেন। এবারের আসরে বাংলাদেশের ৬ ক্রিকেটার খেলবেন। আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের এই ৬ ক্রিকেটার।

লেগ স্পিনার রিশাদ হোসেন ও তারকা ওপেনার তানজিদ হাসান তামিম আগামীকাল (২৪ মার্চ) পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

অন্যদিকে, মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ফিজকে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই নিশ্চিত করেছেন।

পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার কাটার মাস্টার মোস্তাফিজকে সবার আগে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে একে একে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, পেসার শরীফুল ইসলাম এবং তানজিদ তামিমও।

সব ঠিক থাকলে এবারের পিএসএলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে পেসার শরীফুল এবং ওপেনার তানজিদ তামিমকে। অপরদিকে মোস্তাফিজ ও পারভেজ ইমন খেলবেন লাহোরের হয়ে এবং রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি গায়ে দিয়ে।

সামনে নিউজিল্যান্ড সিরিজ থাকায় ১২ এপ্রিলের পর ক্রিকেটারদের ধাপে ধাপে দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

This post was viewed: 4

আরো পড়ুন