Ridge Bangla

জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ না হলে পরিণতি ভালো হবে না: ডা. শফিকুর রহমান

জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে সরকারের পরিণতি ভালো হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জনগণ প্রতিহত করবে। সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “নির্বাচন শেষ হয়েছে। সেখানে কিছু অনিয়ম থাকলেও আমরা দেশকে অচল না করার স্বার্থে তা মেনে নিয়েছি। কিন্তু এখন যদি সরকার সঠিক পথে না ফেরে, তাহলে জনগণ আর নীরব থাকবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার রক্ষা না হলে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, জনগণের স্বার্থবিরোধী নীতি ও আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সরকার প্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, তিনি সেখানে ব্যক্তিগতভাবে বসবাস করবেন না। রাষ্ট্রীয় প্রয়োজনে, বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক ও আনুষ্ঠানিক কার্যক্রমের জন্যই সেটি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, সরকার যদি ইতিবাচক পদক্ষেপ নেয়, তবে তারা সহযোগিতা করবে। তবে জনগণের ওপর জুলুম, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ না হলে কঠোর প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

This post was viewed: 7

আরো পড়ুন