জ্বালানি তেলের সরবরাহ সংকটের কারণে যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়।
সংগঠনটি জানায়, বর্তমানে অয়েল কোম্পানিগুলো থেকে প্রয়োজনের তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। ফলে দেশের বিপুলসংখ্যক যানবাহনের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল চালকরা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, যা ক্রমেই অসন্তোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে কর্মীদের ওপর মানসিক ও শারীরিক চাপ বাড়ছে। তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে পাম্পগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংগঠনের ফেসবুক বার্তায় আরও বলা হয়, নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। ডিপো থেকে তেল পরিবহনের সময় ট্যাংকার লুটের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাম্প মালিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং নিরাপত্তা নিশ্চিত না হলে পাম্পগুলো বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন তারা।