Skip to main content

Ridge Bangla

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

দেশের আবহাওয়া বৈরী অঞ্চল চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে আজও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ পরিস্থিতি। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। মানুষের পাশাপাশি এই তাপদাহে কষ্টে প্রাণীকুলও। পুড়ছে ফসলের মাঠ।

শুক্রবার (২৫ এপ্রিল) জেলার ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা ১২টা ও বেলা ৩টায় আরও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে। এর আগে ২৩ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ এপ্রিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ সকাল ৬টায় দিনের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, “ভৌগোলিক দিক থেকে চুয়াডাঙ্গা উষ্ণ অঞ্চল। এখানে গরমের সময় যেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, তেমনি শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়।”

কৃষিবিদদের মতে, এই তাপে নাবী বোরো ধানে চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য ফসল এবং আম ও লিচুরও ক্ষতি হতে পারে। তারা ফসলের জমিতে ঘন ঘন সেচ দেওয়ার এবং আম-লিচুর গাছে পানি স্প্রের পরামর্শ দিয়েছেন।

হাসপাতালগুলিতে গরমজনিত ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বাসি-পচা খাবার এড়িয়ে চলা এবং বিশুদ্ধ পানীয় জল গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

This post was viewed: 59

আরো পড়ুন