Ridge Bangla

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১২টার দিকে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল রেলগেট অতিক্রম করার সময় বিএনপির আরেক গ্রুপের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এরই একপর্যায়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রধান কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং কার্যালয়ের সামনে থাকা ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ অন্তত ১৫০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোস্তফা নূরে আলম শ্যামলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার ও ঈশ্বরদী থানার এসআই আতাউল ইসলাম ইটের আঘাতে আহত হন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন