পাবনার ঈশ্বরদীতে বিয়ের আগের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুলফিকার ইসলাম জিল্লুর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) ছিল তার বিয়ের দিন। আনন্দ-উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত পরিবারে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া।
রোববার (২২ মার্চ) সকালে নাটোর–পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে।
নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিয়ের দাওয়াত দিতে নিজেই প্রাইভেটকার চালিয়ে বড় ভাই রফিকুল ইসলামের গাড়ি নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন জিল্লুর। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, বিয়েকে কেন্দ্র করে বাড়িতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। আত্মীয়-স্বজনদের আগমন শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনায় সব প্রস্তুতি থেমে যায়, উৎসবের ঘর পরিণত হয় শোকের ঘরে।
জিল্লুরের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। স্থানীয়রা বলেন, এমন হৃদয়বিদারক ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।