দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ৭ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের জুলাই মাসের মধ্যেই এ ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি চলছে। জানা গেছে, ঢাকার নভোথিয়েটার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি জ্বালানি লোডিংয়ের উদ্বোধন করবেন। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, রুশ ঠিকাদার আনুষ্ঠানিকভাবে ৭ এপ্রিল থেকে ফুয়েল লোডিং শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, জুলাইয়ের মধ্যে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।
জ্বালানি লোডিংয়ের সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইউনিট-১-এর সব প্রস্তুতিমূলক কাজ ২৭ মার্চের মধ্যে সম্পন্ন হবে।
এদিকে, প্রস্তুতি কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রকল্প এলাকায় কর্মযজ্ঞ জোরদার করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (NPCBL) কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিও বাতিল করা হয়েছে।
NPCBL-এর ব্যবস্থাপনা পরিচালক জানান, নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার ভিভিইআর-১২০০ মডেলের দুটি রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে, যার মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।