Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়, যমুনায় জনতার ঢল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠান শুরু হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। তাকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে জনসাধারণের জন্য যমুনার ফটক খুলে দেওয়া হলে মানুষের উপস্থিতি দ্রুত বাড়তে থাকে এবং তা ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী সরাসরি যমুনায় আসেন। সেখানে তিনি প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে গিয়ে তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। এরপর গুলশানের বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

This post was viewed: 4

আরো পড়ুন