Ridge Bangla

চুয়াডাঙ্গায় ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঈদুল ফিতরের দিনে ঘুরতে বের হয়ে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামের আরও এক আরোহী। শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে কর্মরত ছিলেন। আহত হৃদয় পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথিমধ্যে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়কে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন