Ridge Bangla

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ঈদ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই ঈদে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন একটি প্রত্যাশিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশবাসীর সহযোগিতা পেলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।

ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে তিনি মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যান এবং সেখানে তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর তিনি গুলশানের বাসভবনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে।

This post was viewed: 7

আরো পড়ুন