কলেজ ছাত্রীর ছবি তোলা নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগের দিন নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের পক্ষের এক কলেজছাত্রী ও তার ভাগনির ছবি, ভিডিও ধারণ করে মেম্বার বাজিত উল্লাহর পক্ষের কতিপয় যুবক। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধে ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটে।
ঈদের জামাত শেষে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।