পবিত্র ঈদুল ফিতরের দিন মা ও বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় তার সঙ্গে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী কিছু সময় সেখানে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কাটান বলে জানা গেছে।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন স্তরের মানুষ তার সঙ্গে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে ফিরে ঈদ উদযাপন করতে পেরে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই তার প্রত্যাশা। জনগণের সহযোগিতা থাকলে সরকারের পক্ষ থেকে দেশের উন্নয়ন ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।