Ridge Bangla

জামালপুরে ড্রাম ব্রিজ ধসে নদে পড়েছেন শতাধিক মানুষ, নিহত ৪ শিশু

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ঝুঁকিপূর্ণ ড্রাম ব্রিজ ধসে পড়ে ব্রহ্মপুত্র নদে পড়ে যান শতাধিক মানুষ। ঈদের দিনে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।

স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ব্রিজটি ও এর আশপাশে মানুষের ব্যাপক সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে। এতে ব্রিজে থাকা শতাধিক মানুষ একসঙ্গে নদে পড়ে যান।

দুর্ঘটনার পর অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন