দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক করা হয়েছে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।