Skip to main content

Ridge Bangla

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের প্রাণহানি

মৌলভীবাজার শহরতলীর সার্কিট হাউস এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর তামিম আহমেদ (১৬) ওই এলাকার শাহেদ আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই হানিফ মিয়া (৩৫) পলাতক রয়েছেন।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত বড় ভাই হানিফ মিয়ার সন্তানকে ঘিরে। ছোট ভাই তামিম তার ভাতিজাকে শাসন করায় দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে হানিফ ধারালো ছুরি দিয়ে তামিমের ওপর হামলা করেন। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

খবর পেয়ে মৌলভীবাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 25

আরো পড়ুন