Skip to main content

Ridge Bangla

শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার (১৪ মার্চ)। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করলে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হবে।

শেরপুর-৩ আসনে বর্তমানে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাছাই কার্যক্রম শেষে কেউ আপিল না করায় সকলেই বৈধ প্রার্থী হিসেবে রয়ে গেছেন। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন বাতিল হয়েছিল।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাই শেষে সকল প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, বগুড়া-৬ আসন শূন্য হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসন গ্রহণের কারণে। প্রার্থীতা প্রত্যাহারের পর আগামী ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

This post was viewed: 29

আরো পড়ুন