সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান না করা হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকালের মধ্যে অধিবেশন না ডাকলে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে জোটের নেতারা।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজার এলাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকে, তাহলে জোট রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবে। এ বিষয়ে শিগগিরই জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
ড. আযাদ অভিযোগ করেন, একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার নিয়ম অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকেনি। তার দাবি, সংবিধান সংস্কারের বিষয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে এবং প্রশাসনে ব্যাপক রদবদল করা হচ্ছে। এসব পদক্ষেপকে তিনি ভবিষ্যৎ নির্বাচনের জন্য ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর কৌশল বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা দ্রুত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানান।